সুইজারল্যান্ডের কথা বলে বুড়িগঙ্গার তীরে শুটিং হয়: সাইমন

ঢালিউডের হ্যান্ডসাম নায়ক সাইমন সাদিক। গুণী চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আবির্ভাব তার। এই পরিচালকের ‘জ্বী-হুজুর’ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক সাইমনের। ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘পোড়ামন’-এ অভিনয় করে দারুণ সফলতা পান সাইমন।

আর ‘জান্নাত’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন তিনি। বর্তমানে প্রায় হাফ ডজন ছবিতে কাজ করছেন সাইমন।

সম্প্রতি একটি শুটিং সেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কিছু বিষয় নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেতা।

অনেকেই সিনেমার শুটিংয়ের আগে আলোচনায় আসতে নানা কল্প কথা বলে থাকেন। যা পরে ফাঁকা আওয়াজে পরিণত হয়। এ বিষয়ে সাইমন বলেন, আমরা অনেক সময় শুনি সিনেমাটির শুটিং হবে সুইজারল্যান্ড। কিন্তু সেই সিনেমার শুটিং হয় বুড়িগঙ্গার তীরে, আমি দুঃখ পাই। দুঃখ পাওয়া ছাড়া আমার করার কিছু থাকে না কারণ আমি প্রযোজক না।

সংখ্যা না বাড়িয়ে ভালো কাজ করতে চান সাইমন। তিনি বলেন, আমি চাই বছরে একটা সিনেমা করতে। যে সিনেমাটা সাইমনকে নতুনভাবে পরিচয় করাবে। কিন্তু আমার প্রেক্ষাপট বা আমার ব্যাকগ্রাউন্ড সেটা আমাকে সাপোর্ট করে না।
এসবের মধ্য দিয়ে আমাকেও কাজ করতে হয় এবং করছি। ভালোলাগা নিয়েই কাজ করছি।

তিনি বলেন, সবার সঙ্গে সম্পর্ক ভালো, এটা বজায় রাখতে হলেও আমি কিছু বলি না। এখন একটা সেট থেকে যদি ফিরে আসি সেটাও আমার জন্য ভালো লাগার হবে কি না! তখন বলবে, সাইমন শুটিং ফাঁসিয়ে চলে গেল! এটাও একজন শিল্পীর জায়গা থেকে করতে পারি না।

তবে যেসব কাজ করছেন, মনের কোনে এক প্রকার কষ্ট পুষেই করছেন বলেই জানান সাইমন। তার ভাষ্য, সবকিছু মেনে নিয়ে যতো কাজ করছি মেক্সিমাম ক্ষেত্রে হাহাকার আর হাহাকার। কষ্ট নিয়েই কাজ করি। ভাবি- কেন আসলাম, কী ভেবে গেলাম, কেন হচ্ছে না। তবে আমি মনে করি- এই দায় আমার, কারণ কেন আমি না করতে পারলাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *