১৮ ডিসেম্বর রাতে টানা ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে জ্বলে ওঠে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ফ্রান্সকে পরাস্ত করে দখল করে নেয় বিশ্বকাপের সোনালি ট্রফি।
রুদ্ধশ্বাস লড়াই শেষে এমন জয়ে আবেগী হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি। তাদের এই আবেগের বড় একটি জায়গা দখল করেছিলেন বিস্ময়কর ফুটবলার লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে জয়টা তারই হোক— চাইছিলেন সবাই। অবশেষে তাই হয়েছে।
তবে মেসি জিতলেও তাকে নিয়ে বাজি ধরে হেরে গিয়ে ১০ কোটি টাকা খুইয়েছেন কানাডিয়ান গায়ক ড্রেক। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল ১৮ ডিসেম্বর যখন মাঠে জয়ের লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন মেসিরা তখন বাইরে ব্যস্ত ছিলেন জুয়াড়িরা। এ মহারণে কে জিতবেন— এটাই ছিল তাদের বিষয়বস্তু। ড্রেকের আস্থা ছিল মেসির ওপর। তাই তার পক্ষে ১০ লাখ মার্কিন ডলার (১০ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ২০০ টাকা) বাজি ধরেন তিনি। কিন্তু খেলা শেষে মেসি জিতলেও হেরে যান ড্রেক।
জুয়ার এই আসরে খেলার প্রথম ৯০ মিনিট বিবেচ্য ধরা হয়েছিল। শুরুর ৭৯ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এমবাপের জোড়া গোলে ম্যাচে সমতা ফেরায় ফ্রান্স। নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত জয় না আসায় হেরে যান ড্রেক। তবে নব্বই মিনিটের ভেতর আর্জেন্টিনা জয়ী হলে ১.৭৫ মিলিয়ন মার্কিন ডলার পেতেন ড্রেক।
ড্রেকের জুয়া খেলার অভ্যাস নতুন না। এর আগেও বহুবার জুয়া খেলে টাকা খুইয়েছেন তিনি। গতমাসে তিনি হেরেছেন ২২ কোটি টাকা। একমাস যেতেই ফের দশ কোটি টাকা গচ্চা গেল তার। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি সংবাদমাধ্যমের কাছে।
কানাডিয় সিটকম ‘ডেগ্রাসি’র হাইস্কুল স্টুডেন্টের চরিত্রে অভিনয় করে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন ড্রেক। সেলেব্রেটি নেট ওর্থের দেওয়া তথ্য অনুয়ায়ী, ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই ব়্যাপার।
