রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের পাচ সদস্য গ্রেপ্তার

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের পাচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার চনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামনগর এলাকার ধনু হাজীর ছেলে জসীম উদ্দিন, একই এলাকার রুপন মিয়ার ছেলে রুহুল আমিন, মোর্শেদ মিয়ার ছেলে সমীর, মৃত আবু সাঈদ মিয়ার ছেলে তানভীর ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখন নগর এলাকার আব্দুল হকের ছেলে আব্দুর রহমান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গা থেকে কৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই চক্রের সদস্যরা চুরি করা পাচটি মোটরসাইকেল বিক্রি করার লক্ষ্যে চনপাড়ায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে চনপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিক্রি করার উদ্দেশ্যে রাখা পাচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *