‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি একটি গণমাধ্যমে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে টিকটক না করে অভিনয়ে মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। এবার বিষয়টি সরব হলেন দীঘি। জানালেন, রাফি নিজেই নায়িকার সঙ্গে টিকটক করেন।
তিনি বলেন, ‘কয়েকদিন আগে দেখলাম রাফি ভাইয়া নিজেও টিকটক করেছে। তার দুইটা টিকটক ভিডিও একজন নায়িকার টিকটক আইডিতে আছে। নাটক, সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে দেশে এমন কোনো নায়িকা এখন নেই যে টিকটক করেন না। তার নায়িকাদের মধ্যেও অনেকে টিকটক করে। আমাকে পরামর্শ দেওয়ার আগে বড় আয়োজন করে তাদের পরামর্শ দেওয়া উচিত তার।’
দীঘি আরও বলেন, “টিকটকের ব্যপারে তার যদি এতই আপত্তি, সে আমাকে যখন ‘সুড়ঙ্গে’র জন্য ডাকে তখনও তো আমি টকটক করতাম। এটা যদি ইস্যু হতো আমার মনে হয় না সে আমাকে তার অফিস পর্যন্ত আমাকে ডাকত।”
‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রাফি। এ ছবিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। বিষয়টি সংবাদমাধ্যমে আসার কয়েকদিন পর দীঘি তার ফেসবুকে একটি পোস্ট দেন।
জানান, পেশাগত জীবনে রাজনীতির শিকার হয়েছেন। যদিও দীঘি পরিচালকের নাম উল্লেখ করেননি স্ট্যাটাসে।
এ বিষয়ে নায়িকা বলেন, প্রথমত স্ট্যাটাসে আমি কোনো পরিচলকের নাম বলিনি। আমার সঙ্গে এমন ঘটনা গত কয়েক বছর ধরে অনেক পরিচালকই করেছেন। তিনি (রায়হান রাফী) কেন ভেবে নিলেন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি। আমার ওপর রেগে গিয়ে আমার নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন দেখলাম। তিনি কেন নিজের দিকে টেনে নিলেন। নিজের অপরাধবোধ আছে বলেই এমন করে বলছেন।
দিঘী বলেন, তার অফিসে দুবার আমার মামাসহ গিয়ে মিটিং করেছি। তখন আমাকে বলেছেন, সব ঠিক আছে। প্রযোজকের কিছু বিষয় আছে সেটা ঠিক হলেই আমরা শুটিংয়ে যাব। আমার ডেট ফাঁকা রাখতে বলেছেন। আমি আমার ডেট ফাঁকা রেখেছি। আমার আব্বাকে শুটিংয়ে যাওয়ার কথাও বলেছি। সব ঠিকঠাক না হলে তো আব্বাকে বলতাম না। ডেট ফাঁকা রেখে শুটিং না করে বসে থাকা অনেক যন্ত্রণার। আমি তাকে (রায়হান রাফী) অনেকবার ফোন দিয়েছি কিন্তু তিনি ফোন ধরেননি। আমাকে মৌখিকভাবে চূড়ান্ত করে না জানিয়ে বাদ দিয়েছেন। এসবের সব প্রমাণ আমার কাছে আছে।
