কলকাতায় কদর বাড়ছে তাসনিয়া ফারিণের

চলতি সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যার হাসিতে বুঁদ হয়ে থাকেন দর্শক, অভিনয়ে তার মুগ্ধ থাকেন। নির্মাতাদের কাছে দারুণ একজন আস্থার শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছেন।

বলা যায়, ক্যারিয়ারের খুব অল্প সময়ে শীর্ষ অভিনেত্রীদের কাতারে চলে আসেন তিনি। দেশের বাইরে ওপার বাংলাতেও তিনি জায়গা করে নিয়েছেন। তার অভিনীত কলকাতার প্রথম চলচ্চিত্র ‘আরো এক পৃথিবী’। যেটি ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।

এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাসনিয়া ফারিণ। মুক্তি পেছানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, বিশ্বকাপ খেলা তো একটা ব্যাপার আছেই, তা ছাড়া সময়মতো ভারতের ভিসাও পাইনি। যেহেতু আমার প্রথম সিনেমা, তাই ছবির প্রযোজক-পরিচালক চেয়েছিলেন একটা বড় আয়োজন করে সবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবেন। সেখান থেকেই ছবিটির প্রচার শুরু হওয়ার কথা ছিল। প্রচারের একটা সূচিও তৈরি আছে। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারিনি। এখন শুনছি, আগামী ফেব্রুয়ারিতে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তাসনিয়া ফারিণ বলেন, প্রথম ছবির কাজ শেষ করার পরপরই কলকাতার আরও বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছি। কয়েকটি ছবির গল্প ও চরিত্র আমার ভালো লাগেনি। দু-একটি ছবির ব্যাপারে এখনো ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলিনি। ভিন্নধারা বা মূলধারা—কোনো সিনেমাতেই আমার সমস্যা নেই।

তবে অবশ্যই আমার চরিত্রের গভীরতা থাকতে হবে, কাজের সুযোগ থাকতে হবে। এবার গিয়ে সিনেমা নিয়ে অনেকগুলো মিটিং আছে কলকাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *