গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার মধ্যে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ি থানার ওসি মো: মাসুদ রানা জানান, আজ সকালে গাইবান্ধা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগেই ঢাকা থেকে গাইবান্ধাগামী শানে খোদা পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজি যাত্রী শামীম ও তার স্ত্রী শিমু সরকার এবং শাকিল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
পরে হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতনামা সিএনজি চালক মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পড়ে থাকা তিন যাত্রীর মৃতদেহ পলাশবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনাস্থলে স্বামী স্ত্রী সহ ৪ জনের মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন, আমরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছি। ৩ জনের মৃতদেহ পুলিশকে আমরা হস্তান্তর করে আহত ১ জনকে হাসপাতালে পাঠিয়েছি।
