আমি মনে-প্রাণে চাই এবার মেসি বিশ্বকাপ জিতুক: সিয়াম

লিওনেল মেসির ভক্ত পুরো বিশ্বজুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের তারকারাও মেসির বাঁ পায়ের বাঁকে বিস্মিত হন। ভালোবাসার চাদরে জড়িয়ে নেন খুদে ফুটবল জাদুকরকে।

সেই মেসির হাত ধরেই ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক এমনটাই চান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ সিনেমার মোশন পোস্টার ও আগমনী আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমায় লুমিন চরিত্রে অভিনয় করা অভিনেতা সিয়াম।

সেখানেই মেসিকে নিয়ে মন্তব্য করেন সিয়াম। এই অভিনেতা বলেন, আমি মনে-প্রাণে চাই এবারের বিশ্বকাপটা মেসি তার টিমের জন্য জিতুক। যদিও আমি স্পেন সাপোর্টার। তারপরও চাই এবারের বিশ্বকাপ মেসির জন্য স্মরণীয় হয়ে থাকুক। আর্জেন্টিনা জিতুক।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে সবশেষ আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। এরপর কেটে গেছে ৩৬ বছর; কিন্তু সেই সোনালী ট্রফি ফেতার সুযোগ হয়নি মেসির দেশটির।

সেই স্বপ্ন নিয়েই এবার কাতার বিশ্বকাপের শুরুটা করেছিলেন অধিনায়ক মেসি। বিভিন্ন ধাপ পেরিয়ে সেই শিরোপা থেকে এক হাত দূরে ৩৫ বছর বয়সী এ তারকা।

ফাইনালে জয় পেলেই মরুর বুকে উঁচিয়ে ধরবেন বিশ্বকাপ। আর কাতার বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে তার বিশ্বকাপ ক্যারিয়ার।

মঙ্গলবার রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিজে এক গোল করার পাশাপাশি হুলিয়ান আলভারেজকে দিয়েও গোল করিয়েছেন লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *