২৪ ডিসেম্বরের মিছিল পিছিয়ে দিল বিএনপি

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কারণে ২৪ ডিসেম্বরের পূর্বঘোষিত মিছিল কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের এই প্রথম কর্মসূচি ৩০ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মঙ্গলবার রাতে বলেন, ‘আমাদের মধ্যে কথা হয়েছিল ২৪ তারিখের কর্মসূচি পেছানো হবে। আজকের মধ্যেই কর্মসূচির পরিবর্তিত তারিখ নির্ধারণ হওয়ার কথা। মিছিলের জন্য ২৪ ডিসেম্বরের পর কাছাকাছি সময়ে কোনো একটি তারিখ নির্ধারণ হবে। তবে এ বিষয়ে এখনও আমি জানি না।’

কী কারণে কর্মসূচির তারিখ পেছানো হলো- এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, ‘ওই দিন নাকি রাজধানীতে আওয়ামী লীগের কাউন্সিল হবে। আমরা আসলে কোনো ধরনের সংঘাত চাই না। সে কারণেই আমাদের কর্মসূচির তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

স্থায়ী কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গতকাল (সোমবার) রাতে স্থায়ী কমিটির মিটিংয়ে ২৪ ডিসেম্বরের কর্মসূচি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

‘মিটিংয়ে ২৪ ডিসেম্বরের বদলে ২২ অথবা ৩০ ডিসেম্বর নির্ধারণের প্রস্তাব তুলেছেন একাধিক নেতা। অবশেষে সিদ্ধান্ত হয়ছে ৩০ ডিসেম্বর আমাদের মিছিল হবে।’

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার ভিত্তিতে আগামীতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো। ওই দিন ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বিএনপি এই কর্মসূচি ঘোষণার পরই দলটিকে তারিখ পেছানোর আহ্বান জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *