চুমু দেওয়ার অপরাধে সুনেরাহকে কষিয়ে চড় দিয়েছিলেন চিত্রনায়ক সিয়াম। কয়েকদিন আগে এই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়। যদিও এটি শুটিংয়ের দৃশ্যের প্রয়োজনে করেছিলেন তারা। তবে সেদিন একটি-দুটি নয়, আট-দশটি থাপ্পড় খেয়েছিলে বলে জানিয়েছেন সুনেরাহ।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘অন্তর্জাল’ সিনেমার পোস্টার উন্মোচন অনুষ্ঠানে হাজির হন সুনেরাহ। সেখানে তিনি সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। পাশাপাশি আলোচিত সেই ইস্যুটি নিয়েও কথা বলেন এই নায়িকা।
সুনেরাহ বলেন, ‘এই দৃশ্যের শুট ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে নেওয়া হয়। সিয়াম আমাকে শুরুতে জিজ্ঞেস করেছিল তোকে চড় দেব? আমি বলেছি, হ্যাঁ, হ্যাঁ, দে দে; কোনো সমস্যা নেই। যখন চড়টা খেলাম ঘারটা বাকা হয়ে চোয়ালটা হালকা কেটেছিল। অভিনয়শিল্পী তো কিছু বলতে পারিনি বরং বলেছি দে দে। যতবার শট নিয়েছিল ততবারই কিন্তু চড় খেতে হয়েছে। যদিও চরিত্রটি প্রিয়ম ছিল। কিন্তু শরীরটা তো আমার ছিল। আট থেকে দশটা চড় খেয়েছিলাম।’
‘‘অন্তর্জাল’ আমার দ্বিতীয় সিনেমা। এখানে আমার চরিত্রের নাম প্রিয়ম, যে একজন রবোটিকস স্টুডেন্ট। যদিও কাজটা আমার জন্য অনেক অদ্ভূত ছিল। কিন্তু বেশ মজা করেই কাজটি শেষ করেছি।’’ বলেন সুনেরাহ।
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে সুনেরাহ জুটি বেঁধেছেন সিয়ামের সঙ্গে।
সুনেরাহ-সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
