Home আলোচিত জিতের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের সঞ্জয় সমদ্দার

জিতের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের সঞ্জয় সমদ্দার

0
318

জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড’ থেকে সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। ছবির নাম ‘মানুষ’।

সম্প্রতি অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর চুক্তি হয়েছে। এই ডিসেম্বর মাসেই ছবির শুটিং শুরু হবে। প্রযোজনার পাশাপশি ছবিটিতে টালিউডের জনপ্রিয় এই নায়ক অভিনয়ও করবেন।

বর্তমানে এই ছবির প্রি-প্রডাকশনে কলকাতায় আছেন সঞ্জয় সমদ্দার। সংবাদমাধ্যমকে মুঠোফোনে জানালেন, প্রতিদিনই জিতের অফিসে প্রি-প্রডাকশনে সময় দিচ্ছেন তিনি। জিতের সঙ্গে তার দেখা হচ্ছে, আলাপ হচ্ছে। ব্যস্ততার মধ্যে দিন পার করলেও পুরো সময়টা উপভোগ করছেন। পদে পদে অনুভব করছেন দায়িত্ববোধ।

জিৎ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, উনি আন্তরিক বলেই বাংলাদেশ থেকে আমাকে কলকাতায় এনে টেক-কেয়ার করে রেখেছেন। তার খরচে দিনের পর দিন হোটেলে রাখছেন। ট্যালেন্ট মূল্যায়ন করে, গল্পকে পছন্দ করে আমাকে বিশ্বাস করে উনি নিজেই প্রযোজক হয়েছেন। কতটুকু ভালোবাসা ও বিশ্বাস থাকলে একজন মানুষ এমনটা করতে পারেন? তার সঙ্গে কাজের অ্যাকসেস না পেলে হয়তো জানা হতো না উনি কতটা উদার!

তিনি বলেন, এখানে কাজ করতে এসে দেখলাম তারা ডিরেক্টর প্রাধান্য দিয়ে কাজ করেন। পুরোপুরি ডিরেক্টরস মিডিয়া। আমি কী চাই তারা বারবার জানতে চাইছেন। এখানে প্রডাকশন হাউজ সবকিছু দেখে। আমার মধ্যে এখন সবচেয়ে বেশী দায়িত্ববোধ কাজ করছে। কারণ আমার নামটার সঙ্গে বাংলাদেশ জড়িত।

তাই উচ্ছ্বাসের চেয়ে দায়িত্ববোধ বেশী কাজ করছে উল্লেখ করে সঞ্জয় সমদ্দার বলেন, আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে আমার দেশের সম্মান বাড়বে। এখানেও নামটা এলেই বাংলাদেশি ডিরেক্টর উল্লেখ করে। ডিরেক্টর হিসেবে কাজের পুরোপুরি স্বাধীনতা পাচ্ছি। প্রোডাকশন হাউজ সব করলেও ডিরেক্টর হিসেবে আমার অবগতি ছাড়া কিছুই হচ্ছে না। টিমের প্রত্যেকে আমাকে খুব সম্মান করছে। কয়েকদিনের মধ্যে শুটিংয়ে নামব। ঠিকঠাক ভাবে কাজটা শেষ করতে চাই।

প্রসঙ্গত, মেধাবী নির্মাতা সঞ্জয় সমদ্দার নাটক ও ওয়েব কনটেন্ট বানিয়ে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন। তার নির্মিত ‘যে শহরে টাকা ওড়ে’, ‘অমানুষ’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’ ‘লোহার তরী’, ‘ট্রল’, ‘দাগ’ প্রজেক্টগুলো দর্শক প্রশংসা পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here