রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি: পরীমণি

গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তান রাজ্যকে পৃথিবীর আলো দেখান মা পরীমণি। ঢালিউডের আরেক সুপারস্টার শরিফুল ইসলাম রাজ হলেন পরীর স্বামী। এটা সকলেই জানেন। তার নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখা হয় রাজ্য। আর রাজ্যকে ঘিরেই রাজ-পরীর ছোট্ট রাজত্ব। তৈরি হচ্ছে টুকরো টুকরো স্মৃতি।

মঙ্গলবার প্রথমবার আধো আধো ভাষায় ‘আব্বু’ ডাকল নায়িকার চার মাসের ছেলে। সেই ভিডিওই ভাগ করে নিলেন পরী। ছেলের পাশে শুয়ে রাজ। বাবার পাশে শুয়ে দিব্যি খেলে যাচ্ছে তাঁদের ছেলে। আর রাজ ছেলের থেকে এক বার ‘আব্বু’ ডাক শোনার জন্য কাকুতি করছেন।

ভিডিওতে রাজ্যের মুখে আধভাঙা শব্দে আব্বু ডাকটি শোনা গেছে স্পষ্টই। সেখানে আরও দেখা যায়, আব্বু ডাক শুনতে রাজ বার বার তার ছেলেকে অনুরোধ করছে এবং এক পর্যায়ে রাজ্য আব্বু বলে ডাকে।

রাজের যেন খুশি ধরে না। তিনি তার ছেলের কণ্ঠে বার বার শুনতে চান ডাকটি। রাজ্যও বেশ কয়েকবার আব্বু বলে ডাকে। এ শুনে মায়ের কণ্ঠে আশ্চর্যের শব্দ, ‘বাব্বা’।

পরীমণিকে উদ্দেশ্য করে রাজ বলেন, ‘কতবার বলছে, শুনছো?’ পরী কোনো কথা না বলে শুধু ‘হু’ শব্দে এর উত্তর দেন। ক্যামেরার পেছন থেকে অভিমানী কণ্ঠে বলেন, ‘ও (রাজ্য) তো সারাক্ষণ মা বলে ডাকতে থাকে।’

সাড়ে ৫ মিনিটের ভিডিওটি শেয়ার করে পরীমণি ক্যাপশনে লেখেন, ‘আজ রাজ্য প্রথমবার আব্বু ডাকলো! তাদের এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে।’

‘ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *