বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক কাজী হায়াত। এর আগে নিজের বানানো চলচ্চিত্র দিয়ে জয় করেছেন দর্শকদের হৃদয়। তবে এবার কড়া সমালোচনার শিকার তার বানানো নতুন সিনেমা ‘জয় বাংলা’।
২০২০-২১ অর্থ বছরে ‘জয় বাংলা’ সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদান পায়। এরপর ছবির কলাকুশলীদের নিয়ে কাজ শুরু করেন এই পরিচালক। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী এবং নাবগত নায়িকা জাহারা মিতু।
আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া সিনেমাটির ট্রেলার রিলিজ দেয়া হয়েছে ইউটিউবে। এছাড়া সিনেমাটির পোস্টারও প্রকাশ করা হয়েছে। তবে ট্রেলার এবং পোস্টার রিলিজের পরই কঠোর সমালোচনার মুখে পড়তে হলো সিনেমাটিকে। দর্শকদের বিরূপ মন্তব্যে ভেসে গেছে ট্রেলার। যেখানে মানহীন পোস্টার এবং নির্মাণকেই দুষছেন দর্শক।
একইসঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের নৈপুণ্য নিয়েও হচ্ছে আলোচনা। সিনেমাটির প্রচারণা শুরু হলেও এতে অংশ নেননি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বাপ্পি-মিতু।
এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন লেখক ও শিক্ষক মুনতাসীর মামুন। সিনেমাটি নির্মিত হয়েছে টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে। এখানে বাপ্পী-মিতু ছাড়াও অভিনয় করেছেন শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা ও রাতুল।
কাজী হায়াতের নির্মাণে মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘বীর’। ২০২০ সালের ভালোবাসা দিবসে এটি মুক্তি পেয়েছিল। এই সিনেমার বিভিন্ন চরিত্রে ছিলেন শাকিব খান, শবনম বুবলী, মিশা সওদাগর ও সাদেক বাচ্চু। দুই বছর পর ফের হলে আসছে কাজী হায়াতের সিনেমা।
