জামিন মেলেনি, মির্জা ফখরুল-আব্বাস কারাগারে

রাজধানীর নয়াপল্টনে গত বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত।

জামিন আবেদন নাকচ করে শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম।

এর আগে দুই নেতাকে নয়াপল্টনে ককটেল হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় মহানগর গোয়েন্দা পুলিশ।

মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে উপস্থাপন করে বিস্ফোরক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অন্যদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে বিএনপির শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে নয়াপল্টনে পুলিশের ওপর ককটেল ছোড়ার অভিযোগের মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোর কথা সাংবাদিকদের জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

ডিবিপ্রধান শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ তারিখে পল্টন থানায় যে মামলাটি হয়েছে বিস্ফোরক আইনে, সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’ ‘পল্টন থানায় ৮ তারিখের (বৃহস্পতিবার) ১০ নম্বর মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ফখরুল ও আব্বাসকে আটক করা হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *