আগামীকাল শনিবার ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এদিন ফজরের নামাজ পড়েই দলীয় নেতাকর্মীদের ঢাকা শহর পাহারা দিতে বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এই নির্দেশনা দেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ওদের (বিএনপির) গাত্রদাহ রয়েছে, ওরা সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না। এত অনুনয় বিনয় করলাম, শুনলেন না। এখন কোথায় যেতে হচ্ছে, গোলাপবাগ মাঠে।’
নানক বলেন, আমার ঢাকাবাসী ভাইয়েরা। আপনাদের আতঙ্কের কোনো কারণ নাই। আওয়ামী লীগ পাহারা দেবে। কোনো আতঙ্কের কারণ নাই। ওরা যদি কারও গায়ে হাত দেয়, ওই হাত ভেঙে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। ফজরের নামাজ পড়ে পাহারা দিতে হবে। ওরা যেন কোনো উচ্চবাচ্য করতে না পারে।
তিনি বলেন, ২০০১ সালে নির্বাচনের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর বিএনপি যে হামলা চালিয়ে ছিলো সেই সময় নেত্রীর নির্দেশ মেনে আমরা তাদের কিছু করিনি, তাদের পেন্ডিং মাইর রয়েছে গেছে। এখন যারা সরকার উৎখাতের চেষ্টা করছে তাদের সেই পেন্ডিং মাইর ফেরত দিবো।
