খিচুড়ি খেয়ে সরকার হটানো যাবে না: প্রধানমন্ত্রী

বিএনপি কার্যালয় থেকে চাল, ডালসহ রান্নার উপকরণ ও রান্না করা খিচুড়ি উদ্ধারের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, চাল-ডাল দিয়ে খিচুড়ি খেয়ে সরকার হটানো যাবে না।

নয়াপল্টনে বুধবারের ঘটনা ‘বিএনপির টেস্ট কেস’ উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ প্রধান। সেই সঙ্গে বিএনপির বিষয়ে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেন তিনি এই বলে যে, ২০২২ পর্যন্ত অনেক সহ্য করেছেন। আর নয়।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের তিন দিন আগে বুধবার নয়াপল্টনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পরদিন দলীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় অংশ নেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা যৌথ সভা করেন। তাতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সাল থেকে আমরা মার খাচ্ছি। আর মার খাওয়ার সময় নেই। যে হাত দিয়ে মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরকারে সঙ্গে যোগাযোগ করব। তারেক রহমানকে এ দেশে এনে সাজা বাস্তবায়ন করব।’

তিনি সারা দেশে দলের প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যমের মালিকদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে আছে বিএনপিকে তেল মারছে। এত তেল মারা কিসের জন্য। কত তেল আছে, আমি তাদের দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *