Home বিনোদন বিএনপির কার্যালয় থেকে ১৫ ককটেলসহ খিচুড়ি-চাল উদ্ধার

বিএনপির কার্যালয় থেকে ১৫ ককটেলসহ খিচুড়ি-চাল উদ্ধার

0
321

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানকালে খিচুড়ি, চাল ও ডেকচিসহ ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ বুধবার রাতে নয়াপল্টন কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেক-ডেকচি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আমরা তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছি। কারো বিরুদ্ধে মামলা রয়েছে, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে- এগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অনেক পুলিশ আহত হয়েছে। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিবিপ্রধান বলেন, ‘তাদের এই আয়োজন দেখে আমার বুঝলাম যে তারা এখানে বিপুলসংখ্যক লোক সমাগম করে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। এজন্য শান্তিপূর্ণ সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হলেও নয়াপল্টনের রাস্তায় এমন জমায়েত করতে চাচ্ছিল। পাশাপাশি তাদের কাছে মজুদ ককটেল পাওয়ায় প্রমাণ হল তারা সমাবেশের নামে নাশকতার পাঁয়তারা করছিল।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন যে এসব ককটেল পুলিশই সঙ্গে করে নিয়ে এসেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘ককটেল কোথা থেকে এসেছে তা আপনারা সাংবাদিকরা নিজ চোখেই দেখেছেন; এখন ওনারা তো কত কিছুই বলবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here