শাবনূরের সঙ্গে আড্ডা, যা বললেন ফারুকী

নুসরাত ইমরোজ তিশা-মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি এবং তাদের একমাত্র সন্তান ইলহাম আছেন বিদেশ সফরে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ঘুরছেন তারা।

১০ নভেম্বর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ‘ইলহাম আমাদের নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে, ওর কাজিনদের সাথে দেখা করতে’।

সফরে নানা জায়গা ঘুরছেন তারা, দেখা করছেন পরিচিতজন ও স্বজনদের সঙ্গে। সেসব মুহূর্তের ছবিও পোস্ট করছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সেখান থেকেই এবার জানা গেল সফরে তিশা-ফারুকী ও ইলহাম দেখা করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সঙ্গে। শাবনূর দীর্ঘদিন ধরে থাকছেন অস্ট্রেলিয়াতে।

মঙ্গলবার দুপুরে শাবনূর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিশা-ফারুকীর সঙ্গে সেই আড্ডায় আছেন আরও কয়েকজন।

ছবি পোস্ট করতে শাবনূর শুধু একটি শব্দের আশ্রয় নিয়েছেন; আড্ডা। ব্যাস, এটুকুই যথেষ্ট তাদের মুহূর্তটিকে ব্যাখ্যা করার জন্য। তাই ভক্তরাও ভালোবাসা প্রকাশে কার্পণ্য করছেন না। সিরাজুল ইসলাম হাওলাদার নামের এক অনুরাগী লিখেছেন, ‘বাংলাদেশের সেরা দুই রমণীকে জানাই হাজার হাজার ফুলের শুভেচ্ছা।’

মাহমুদুল হাসান নামের এক অনুসারীর মন্তব্য, ‘অত্যন্ত ভালো দুজন অভিনেত্রী। ভালো থাকুন।’ অনেকে অবশ্য শাবনূরকে দেশে ফেরার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে কারও মন্তব্যেই সাড়া দেননি নায়িকা।

এদিকে শাবনূরের সঙ্গে সাক্ষাত-আড্ডার বিষয়টি জানতে যোগাযোগ করা হলে ফারুকী সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা একটা বন্ধুত্বপূর্ণ আড্ডা। আমরা সিডনিতে একটি পারিবারিক সফরে ছিলাম। আর তিনি (শাবনূর) আগে থেকেই এখানে ছিলেন। সেই সুবাদে আমরা একসঙ্গে ডিনার করেছি। এটাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *