আইটেম গার্ল হচ্ছেন নায়িকা ববি

বাণিজ্যিক সিনেমার অন্যতম আকর্ষণ আইটেম গান। এসব গান নিয়ে নির্মাতাদের বিশেষ পরিকল্পনা থাকে। ঢাকাই সিনেমায় অনেক শিল্পী আইটেম গানে পারফর্ম করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। কখনো সিনেমার অভিনয়শিল্পীরা এসব গানে পারফর্ম করেন, আবার কখনো এমন হয়—শুধু একটি আইটেম গানে নাচার জন্য হাজির হন জনপ্রিয় কোনো শিল্পী। এমন এক ভূমিকায় এবার দেখা যাবে ববিকে।

মডেল হিসেবে যাত্রা শুরু করা ইয়ামিন হক ববি পরবর্তী সময়ে থিতু হয়েছেন বড় পর্দায়। সিনেমার পাশাপাশি কাজ করছেন ওটিটিতেও। এবার এই অভিনেত্রী হাজির হচ্ছেন আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম-২’ সিনেমার আইটেম গার্ল হিসেবে।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘আইটেম গানে আগেও পারফর্ম করেছি। তবে এবার বিষয়টা ভিন্ন। এবারই প্রথম অন্যের অভিনীত সিনেমার গানে পারফর্ম করব।’ মানে সিনেমাটিতে ববি অভিনয়ে নেই, শুধু একটি বিশেষ গানে দেখা যাবে তাঁকে। জানা গেছে, গতকাল থেকে গানটির শুটিংয়ে অংশ নিচ্ছেন ববি।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর সিক্যুয়াল ‘ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২’ নতুন বছরের ৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।

অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, হাসান ইমাম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দসহ অনেকে।

এদিকে বর্তমানে ববির হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। ‘রণযোদ্ধা’ ও ‘বারুদ’ সিনেমা দুটির কাজ শুরু করবেন সামনের দিনগুলোয়। মুক্তির অপেক্ষায় রয়েছে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’, সৈকত নাসিরের ‘পাপ’ ও শামীম আহমেদ রনির ‘এবার তোরা মানুষ হ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *