শাকিবের মতো লুকোচুরি খেলছেন মেহজাবীনও!

ফুটবল বিশ্বকাপ উন্মাদনা চারিদিকে। আর সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায় আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচকে ঘিরে। তর্ক-বিতর্ক চলতেই থাকে। পাড়ায়-মহল্লায় সবখানে একটাই প্রসঙ্গ ফুটবল। ফুটবলের এই জোয়ারে গা ভাসিয়েছেন সবাই। সেই জোয়ারে পানি লেগেছে তারকাদের গায়েও

এরইমধ্যে অনেক তারকা তাদের পছন্দের দলের নাম প্রকাশ করেছেন। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি এখনও তার সমর্থিত ফুটবল দলের নাম প্রকাশ করেননি।

এক্ষেত্রে শাকিবের মতোই লুকোচুরি খেলছেন ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ দাবি নেটিজেনদের।

বিশ্বকাপে নিজের সমর্থিত দলের ক্ষেত্রে শাকিব মুখ না খুললেও মেহজাবীন একেক সময় একেক দলকে সমর্থন করছেন। কখনও তাকে দেখা গেছে ব্রাজিলের জার্সিতে আবার কখনও তিনি উল্লাস করছেন আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে।

গত ২ ডিসেম্বর রাত একটায় বিশ্বকাপের আসরে ব্রাজিল মাঠে নেমেছিল ক্যামেরুনের বিরুদ্ধে। এদিন মেহজাবীনকে সামাজিক মাধ্যমে দেখা যায়, ব্রাজিলের লোগো সম্বলিত একটি শার্ট গায়ে চাপিয়েছেন তিনি। ছবিটি নিজের ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, ‘মিশন হেক্সা?’

‘মিশন হেক্সা’ হচ্ছে ব্রাজিল সমর্থকদের প্রাণের শ্লোগান। ষষ্ঠবারের মতো কাপ ঘরে তুলতে বিশ্বকাপের তিন আসরে তারা এই শ্লোগান দিয়ে যাচ্ছেন। ছোটপর্দার এই লাস্যময়ীকেও এই শ্লোগান দিতে দেখে আশায় বুক বাঁধেন তারা। ব্রাজিল সমর্থক ভেবে মেহজাবীনকে অভিনন্দন জানান। তবে সেদিন ব্রাজিলের হারের পর দলটির সমর্থকরা যখন শোকে নিমজ্জিত ছিলেন তখন এই অভিনেত্রীকে আর কথা বলতে দেখা যায়নি।

কারণ মেহজাবীন সেদিন কথা বলেছেন ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার হয়ে। ৩ ডিসেম্বর রাত একটায় আর্জেন্টিনা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে তখন নেট দুনিয়ায় মেহজাবীনকে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরিহিত। আকাশী-সাদা রঙয়ের ওই জার্সিতে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ তারকা। দুই হাত উঁচিয়ে ভি চিহ্ন দেখিয়ে চোখ বন্ধ করে হাসছিলেন তিনি।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ভ্যামোস…’। এই শব্দটির মাধ্যমে আর্জেন্টিনাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন তিনি।

নিজেদের প্রাণের শ্লোগান মেহজাবীনকে লিখতে দেখে আর্জেন্টিনার সমর্থকরা যখন উল্লাসিত তখন ছবিটির মন্তব্যের ঘরে ক্ষোভ ঝাড়ছিলেন ব্রাজিল সমর্থকরা। তারা অবাক হয়েছেন।

একদিন আগে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে চাপানো এ অভিনেত্রীকে চিরপ্রতিদ্বন্দ্বীর জার্সি পরে উল্লাস করতে দেখে তারা জানতে চেয়েছেন, তিনি আসলে কোন দলের সমর্থক? বিশ্বকাপে প্রিয় দল নিয়ে শাকিবের মতো মেহজাবীনকে লুকোচুরি খেলতে দেখে দ্বিধাগ্রস্ত হয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *