ভোট চোরদের বাংলাদেশের মানুষ মেনে নেয় না: প্রধানমন্ত্রী

ভোট চোরদের বাংলাদেশের মানুষ মেনে নেয় না বলে বিএনপিকে স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছিল বলে তারা বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরের ১০ তারিখ পাকিস্তান হানাদার বাহিনী দেশের বুদ্ধিজীবীদের হত্যার ছক এঁকেছিল, এজন্য দিনটি বিএনপির প্রিয় বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি বিএনপিকে বলে দিতে চাই, ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল। এ কারণেই বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয়নি। সারাদেশ ফুঁসে উঠেছিল। খালেদা বাধ্য হয়েছিল পদত্যাগ করতে। দেড় মাসেরও কম সময়ে তারা পদত্যাগে বাধ্য হয়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোট কেউ চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না। ওরা ভোটে যেতে চায় না। কারণ জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যার মাধ্যমে অবৈধ পন্থায় ক্ষমতায় এসেছিল। গণতান্ত্রিক ধারা তাদের পছন্দ না।’

সরকারপ্রধান বলেন, তারা (বিএনপি) মানুষের শান্তি চায় না, তারা ক্ষমতায় থেকে লুঠপাট করেছে, জিয়াউর রহমান যখন মারা যান তখন ৪০ দিন পর্যন্ত শুনেছিলাম জিয়াউর রহমান নাকি কিছু দিয়ে যাননি। ভাঙা একটা সুটকেস ছাড়া। খালেদা জিয়া ক্ষমতায় এসেই হাওয়া ভবনের নামে এতো টাকা কই পেলেন? ভাঙা সুটকেসে কি জাদু ছিল?

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির দুটি গুণ আছে। একটি হলো ভোট চুরি, অপরটি মানুষ খুন। ২০১৪ সালে বিএনপি ক্ষমতায় না গিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। তিন হাজারের বেশি মানুষ তখন আহত হয়েছে। ৫০০ এর বেশি মানুষ মারা গেছে। অনেক গাড়িতে আগুন দিয়েছে তারা।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মানুষ পুড়িয়ে মারার হিসাব একদিন খালেদা জিয়া ও তারেক রহমানকে দিতে হবে। বিএনপি দেশের ক্ষতি করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। এই চট্টগ্রামে আমরা ব্যাপক উন্নয়ন করেছি।’

সরকার প্রধান বলেন, ‘বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার আছে, এই আইন জাতির পিতা করে গিয়েছেন। কিন্তু বিএনপি এই আইন ও অধিকার বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি। জিয়ার জন্ম কলকাতায় আর পড়াশোনা করেছে করাচিতে। এরপর সেনাবাহিনীতে আসে। আমরা সেই সমুদ্র জয় করেছি। আজ সেগুলো আমাদের কাজে লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *