আজ থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই আজ মাঠে নামছে এবারের হট ফেভারিট আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই দলটির বিপক্ষে আজ আর্জেন্টাইন অধিনায়ক মেসি মাঠে নামলেই গড়বেন এক অনন্য কীর্তি।
১৯ বছর আগে যে কিশোরটি পেশাদার ফুটবলে প্রথম ম্যাচে নেমেছিলেন, আজ তার হাজার ম্যাচের (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে) মাইলফলক স্পর্শ করার ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে নামছেন স্কালোনির শিষ্যরা।
৯৯৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেন সাতবারের ব্যালন ডরজয়ী। আর্জেন্টিনার জাদুকর বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ৭৭৮টি ম্যাচ খেলেছেন। আর বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজির) হয়ে খেলছেন ৫৩টি ম্যাচ। জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ১৬৮টি ম্যাচ।
সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ অংশ নিয়ে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড এরই মধ্যে গড়েছেন ৩৫ বছর বয়সী এ তারকা। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে শুরু করে পরবর্তী প্রতিটি আসরেই খেলেছেন তিনি।
মেসি ছাড়াও আর্জেন্টিনার হয়ে ৪টি করে বিশ্বকাপ খেলেছেন দিয়েগো ম্যারাডোনা ও হাভিয়ের মাসচেরানো।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার রেকর্ডকেও তিনি ছাড়িয়ে গেছেন।
বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে শীর্ষে ছিলেন ম্যারাডোনা। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে মেসির ম্যাচ সংখ্যা ২২টি।
