বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যামেরুন

খেলা শেষ হওয়ার আগেই দর্শকরা গ্যালারি ছাড়তে শুরু করছিলেন। হঠাৎ ঘুমন্ত গ্যালারি জেগে উঠল। ইনজুরি সময়ে ক্যামেরুনের আবু বকর গোল করলেন। এই জয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সৃষ্টি করেছে ডেভিস ইপাসের দল।

পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করে এতটাই উত্তেজিত ছিলেন যে, উদযাপন করতে গিয়ে জার্সি খুলে ফেলেন। আগে একটি কার্ড থাকায় দুই হলুদে মাঠ ছাড়তে হয় তাকে। ইনজুরি সময়ের বাকি ৮ মিনিট ১০ জন নিয়ে খেলে ক্যামেরুন। সেই দশ জনের দলকেও গোল দিতে পারেনি ব্রাজিল। ফলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের এটিই প্রথম হার।

ব্রাজিলের দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছিল আগেই। আজকের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে কোচ তিতে পুরো একাদশ খোলনলচে বদলে দেন। ব্রাজিলের রিজার্ভ বেঞ্চের দলের সঙ্গেই ক্যামেরুন পেরে উঠছিল না।

পুরো ম্যাচে ২৮ টির বেশি আক্রমণ করলেও বল জালে পাঠাতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে ব্রাজিলকে বিপদে ফেলতে পারেনি ক্যামেরুন।

দ্বিতীয়ার্ধে দুই দলের কয়েকটি আক্রমণ ছিল দারুণ। সেগুলো গোলরক্ষকরা দারুণভাবে সেভ করেছেন। রেফারি ৯ মিনিট ইনজুরি সময় দেন। অতিরিক্ত সময়ের প্রথমেই ইতিহাসের দ্রশ্যপট রচনা করেন আবু বকর। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেডের মাধ্যমে এডারসনকে পরাস্ত করে ব্রাজিলের জালে বল জড়ান ১০ নম্বর জার্সিধারী এই ক্যামেরুন ফরোয়ার্ড।

গোল উদযাপনের সময় পুরো স্টেডিয়াম আনন্দে ভাসে। সেই মাত্রা তীব্র করেন আবু বকর নিজের জার্সি খুলে উদযাপন করে। ম্যাচে আগে থেকে একটি হ্লুদ কার্ড দেখেছিলেন এই ফুটবলার। ক্যামেরুনের হয়ে ইতিহাস রচনার কারিগর ডাবল হলুদ কার্ডের সুবাদে লাল কার্ডে মাঠ ছাড়েন।

তবে তাতে একটুও ভাটা পড়েনি আফ্রিকার দেশটির উপর। শেষ পর্যন্ত দশ জনের দল নিয়ে ম্যাচ জিতে নেয় স্যামুয়েল ইতোর উত্তরসূরিরা। এই জয়ে গ্রুপ পর্বে তিনে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল ক্যামেরুন। সঙ্গে গড়ল নিজেদের বিশ্বকাপ ফুটবল গল্পের সবচেয়ে বড় ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *