করোনার ঠিক আগ মুহূর্তে ওপার বাংলার তারকা অভিনেতা জিতের সঙ্গে পরিচয় বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দারের। একে অন্যের বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সঞ্জয়ের পরিচালনায় ‘দ্বিতীয় পুরুষ’ নামে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল জিতের। লকডাউনের কারণে ছবিটি আর হয়ে ওঠেনি।
পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছর জিৎকে ‘মানুষ’ নামের একটি গল্প শোনান সঞ্জয়। গল্পটি শুনে খুব পছন্দ করেন জিৎ। নিজেই ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করার আগ্রহ প্রকাশ করেন।
অবশেষে এলো সেই অনুষ্ঠানিক ঘোষণা। ৩০ নভেম্বর ছিল জিতের জন্মদিন। বিশেষ এই দিনে নিজের ফেসবুক ফ্যান পেজ থেকে ‘মানুষ’-এর ঘোষণা দিলেন জিৎ। প্রযোজনায় রয়েছে জিতের প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট।
এদিকে ক্যারিয়ারে প্রথম সিনেমা কলকাতার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জিতের হাত ধরে শুরু হওয়া প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘মানুষ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছি। সিনেমাটি নিয়ে কিছুদিন আগে জিত্ দাদার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছি। তার মতো একজন বড়মাপের নায়ক ও প্রযোজক বাংলাদেশি হিসেবে প্রথম আমার প্রতি আস্থা রেখে কাজ করতে যাচ্ছেন। প্রথম সিনেমাই এত বড় নায়ক ও তার প্রযোজনা প্রতিষ্ঠান হাত ধরে হতে চলেছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। তার প্রতি কৃতজ্ঞ আমি।’
উল্লেখ্য, ‘ট্রল’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা উড়ে’, ‘শিকল’সহ বেশকিছু কন্টেন্ট নির্মাণ করে আলোচিত হয়েছেন সঞ্জয় সমদ্দার। কিছুদিন আগেই তার ওয়েব ফিল্ম ‘দাগ’ দারুণ প্রশংসিত হয়। তবে এবারই প্রথম প্রেক্ষাগৃহের জন্য সিনেমা বানাচ্ছেন সঞ্জয়।
জানা গেছে সিনেমাটির শুটিং প্রস্তুতির জন্য বর্তমানে কলকাতায় আছেন তিনি। কীভাবে যোগাযোগ হলো জিতের সঙ্গে?—এমন প্রশ্নে সঞ্জয় বলেন, ‘অন্তর্জালে জিতের সঙ্গে পরিচয় হয়। এরপর প্রায় ১ বছর ধরে কাজটি নিয়ে দুজনের কথা হচ্ছে। বেশ কয়েকবার গল্পটি নিয়ে কলকাতায় বসা হয়েছে আমাদের। দু-তিনবার জিত্ দাদাকে গল্পটি শুনিয়েছি। এরপর তিনি চিত্রনাট্য পড়েছেন। কয়েকবার চিত্রনাট্য সংশোধনও করেছি। তার পছন্দ হলে আমাদের মধ্যে চুক্তি হয়। জিত্-এর সাথে আমার কাজ দিয়েই প্রেম হয়েছে।’
ছবিটির গল্প ও সঞ্জয়ের আগের কাজ দেখেই মূলত এ কাজ করার সুযোগ হয়েছে বলে জানালেন সঞ্জয়। তিনি বলেন, ‘মৌলিক হিসেবে জিত্ দাদা গল্পটি খুব পছন্দ করেছেন। তাছাড়া আমার বেশ কয়েকটি কন্টেন্ট দেখে প্রশংসা করেছেন। সবকিছু মিলেই কাজটি করার সুযোগ হয়েছে।’
