নতুন গান নিয়ে আসছেন হৃদয় খান ও ঐশী

দীর্ঘ সময় পর নতুন ডুয়েট গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা হৃদয় খান ও তরুণ সংগীতশিল্পী ফারহানা আরফিন ঐশী। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশ পাচ্ছে তাদের গানের ভিডিও।

নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী ঐশী বলেন, ‘হৃদয় খানের সংগীতে আমার গাওয়া বেশির ভাগ গানই আড্ডা আর গল্পের মাঝে তৈরি হয়েছে। ‘তুমি আমার কি’ গানটাও অনেকটা সেভাবেই করা হয়েছে। প্রথমে সুর করেছেন হৃদয় তারপর তাতে বসল কথা, ব্যাস হয়ে গেল গান। এই হচ্ছে গানটি তৈরি পেছনের গল্প।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই গান করি আর হৃদয় খান দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী। তবে গানটির অসাধারণ কথা লিখেছেন খুব সাধারণ একজন মানুষ। যার লেখালেখি করাটা নেশা কিন্তু পেশা না। আমি ধন্যবাদ দিতে চাই আমার স্বামী আরিফকে এত সুন্দর করে গানটির কথাগুলোর লেখার জন্য।

রেকর্ডিংয়ের পর আমাদের মনে হয়েছে একটা সফট রোমান্টিক আধুনিক বাংলা গান হিসেবে নতুন কিছু পাবে শ্রোতারা। এটা ভেবেই হঠাৎ করে মিউজিক ভিডিওর ব্যাপারটা মাথায় আসল। যেই ভাবনা থেকেই তেমন কোন প্ল্যানিং ছাড়া অনেকটা হুট করেই গানটির ভিডিও শুট করি আমরা।

গানটির ভিডিও নির্মাণ করেছেন হৃদয় খানের টিম। এর আগে ‘মায়ার বাঁধন’, ‘মাই চাইল্ড’সহ বেশ কয়েকটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছিলেন হৃদয় খান ও ফারহানা আরফিন ঐশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *