সেই দিয়েগো ম্যারাডোনার যুগ থেকেই বাংলাদেশের মানুষের প্রিয় দল আর্জেন্টিনা। লিওনেল মেসির কারণে আলবিসেস্তেদের সমর্থন আরও বেড়েছে এ দেশে।
কাতার বিশ্বকাপে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর বিশ্বে সাড়া ফেলেছে। এমনকি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও জেনে গেছেন, বাংলাদেশ নামে একটি দেশ আছে। যে দেশের ফুটবলপ্রেমীরা ম্যারাডোনা, মেসি ও আর্জেন্টিনাকে পাগলের মতো ভালোবাসে।
আগামীকাল রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনা মোকাবিলা করবে অস্ট্রেলিয়ার। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে প্রসঙ্গ উঠলো বাংলাদেশকে নিয়েও।
আর্জেন্টাইন কোচ জানালেন, তিনি বাংলাদেশকে নিয়ে গর্ব বোধ করেন। স্কালোনি বলেন, ‘এসব জেনে তো খুবই ভালো লাগে। আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশের মতো একটি দেশ আমাদের এভাবে সমর্থন দেয় এটা আমাদের গর্বিত করেছে। এত এত ভালোবাসার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।’
এর আগে আর্জেন্টিনার বিভিন্ন ফুটবল পেজ থেকে বাংলাদেশি দর্শকদের উল্লাস করার ছবি প্রকাশ করা হয়।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ‘সিলেকশন আর্জেন্টিনা’ থেকে বাংলাদেশি সমর্থকদের তিনটি ছবি প্রকাশ করা হয়েছে।
ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থনের জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি) আমাদের মতোই পাগলাটে।’
তিনটি ছবির একটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে হাজারো সমর্থকদের আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ দেখার দৃশ্য। অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমর্থকদের উচ্ছ্বাসের ছবি। তৃতীয়টি শতশত আর্জেন্টিনা সমর্থকের মধ্যে এক ক্ষুধে ভক্তের উচ্ছ্বাস প্রকাশের ছবি।





