রসিক নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যাচাইয়ে মনোনয়ন দাখিল করা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ২৭৭ জনের মধ্যে ৩৬ জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে মেয়র পদে ১০ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শিল্পকলা একাডেমি হল রুমে দিনব্যাপী যাচাই শেষে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ ঘোষণা দেন।

মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না হওয়া, হলফনামায় ত্রুটি, মামলা সংক্রান্ত তথ্য গোপন, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন দাখিলকারীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল এবং ৬৯ জন দাখিলকারী সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়।

সেই সাথে সাধারণ কাউন্সিলর ১৬৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, সকালে দাখিলকৃত মনোনয়নপত্রে ত্রুটি না থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিস, জাকের পার্টি ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এসময় নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলনসহ অন্যান্য মেয়র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশনের তৃতীয়বারের নির্বাচন। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ নভেম্বর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ১০, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন মনোনয়ন ফরম দাখিল করেছিলেন।

আগামী ৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ৯ ডিসেম্বর দেওয়া হবে প্রতিক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *