বাংলা নাটক ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় মুখ অভিনেতা আফরান নিশোকে প্রথমবারের মত দেখা যাবে বড় পর্দায়।
সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি প্রথমে সিনেমা হলে মুক্তি পাবে পরে ওটিটি প্ল্যাটফর্মে আসবে।
সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি। নায়িকা হিসেবে আছেন তমা মির্জা। এটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।
আগামী বছর ২ ঈদের কোনো একটিতে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি।
সিনেমাটি নিয়ে আফরান নিশো বলেন, ‘একটা ভালো কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এখানে বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি। সিনেমাটির স্ক্রিপ্ট, গল্প, শুটিং—সবকিছু ভালোভাবে হলে একটা ভালো কাজ দিতে পারবো।’
‘আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে যদি চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না আশা করছি,’ যোগ করেন তিনি।
জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিশোর প্রথম সিনেমার ‘সুড়ঙ্গ’-এর ঘোষণা দেয়া হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে।
