কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিলো, বড় পর্দায় নাম লেখাবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। কিন্তু প্রতিবার গুঞ্জনেই থেমে যায়। এবার তার বড়পর্দায় অভিনয়ের গুঞ্জন বেশ জোরেশোরেই উঠেছে। বড়পর্দায় প্রথম সিনেমাতে নিশোর নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিনেমার নাম ‘সুড়ঙ্গ’, যেটি পরিচালনা করবেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। নিশোর বিপরীতে থাকছেন তমা মির্জা।
এ বিষয়ে ছবির অভিনয়শিল্পী ও পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনই কিছু বলতে রাজি হননি। নির্মাতা জানান, আগামী ১২ ডিসেম্বর ছবিটির মহরত হবে এবং সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, সিনেমাটির জন্য গত কয়েকমাস ধরে প্রস্তুত হচ্ছেন নিশো। এই কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। টুকটাক ওটিটির জন্য কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে নিশোর প্রথম সিনেমার শুটিং শুরু হবে। এটি নির্মিত হবে চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায়।
