সাকিবকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেফতার

নজর২৪ ডেস্ক- কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় ফেসবুকে লাইভ ভিডিওতে দেশীয় অস্ত্র উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা সেই মহসীন তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

র‌্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক কম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালান। আজ মঙ্গলবার সকাল ১১টায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রনসী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

 

মহসীন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

 

র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে মহসিন তালুকদারকে গ্রেফতার করা হয়। তিনি এখন আমাদের হেফাজতে আছেন।

 

ফেসবুকে রামদা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি ও গালিগালাজ সম্বলিত একটি ভিডিও গতকালই ভাইরাল হয়। এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মহসিন তালুকদারকে আসামী করে একটি মামলাও হয়। পরে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যান মহসীন।

 

এর আগে সোমবার রাতে তাকে গ্রেফতার করতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্ত মহসীন তালুকদারের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-পুলিশের যৌথ দল। তবে সে সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তারা মহসীন তালুকদারের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।

 

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলাকেটে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামে ওই যুবক। কলকাতায় গিয়ে কালি পূজার অনুষ্ঠানে অংশ নেয়ায় সাকিবকে এ হুমকি দেয়া হয়। ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।

 

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো লাইভে এসে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *