কাতার বিশ্বকাপ ফুটবল আসর ইতোমধ্যে জমে উঠেছে। ফুটবলের বিশাল এই আয়োজন ঘিরে ভক্ত-সমর্থকরাও বেশ উচ্ছ্বসিত। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা একটু বেশি। দুই দলের সমর্থকের মধ্যে তর্ক-বিতর্ক লেগেই থাকে। এসব শুধু সাধারণ মানুষের মধ্যে না, তারকাদের মধ্যেও হয়ে থাকে। তবে শুধুই তা বিনোদনের উদ্দেশে।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর বিশাল আয়োজনে তারকারাও পিছিয়ে নেই। প্রিয় দলের ব্যাজ, জার্সি, ক্যাপসহ নানা আয়োজনে দেখা যায় তাদের। সেসবের ছবি শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করতে সোশ্যাল হ্যান্ডেলে পোস্টও করে থাকেন তারা। এবার এই তালিকায় দেখা গেল দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানকে।
বিশ্বকাপ ফুটবলে এই সংগীতশিল্পীর প্রিয় দল ব্রাজিল। তারই জানান দিলেন গায়ক। তবে তিনি যে দলটির সিজনাল সমর্থক, সে কথাও জানিয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়ায় সুইজারল্যান্ড-ব্রাজিল ম্যাচ। এই ম্যাচে অনেকটা হাড়ভাঙা লড়াইয়েরর পরে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পায় ব্রাজিল।
ব্রাজিলের এই ম্যাচে জয়ের পরে তাহসান খান একমাত্র মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তারকা বাবা ও মেয়েকে ব্রাজিলের ফুটবল দলের জার্সিতে দেখা যায়। তারা দু’জনই অনেক আনন্দিত। আর সেখানে ক্যাপশনে গায়ক লেখেন, ‘সিজনাল ফুটবল ফ্যান।’
উল্লেখ্য, গায়ক ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খান। তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই থাকে। তবে মাঝেমধ্যে বাবা তাহসানের সঙ্গেও সময় কাটায়। আর তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।
