আর্জেন্টিনার জয়: পুত্রবধূর সঙ্গে ছবি দিয়ে যা বললেন আসিফ

আর্জেন্টিনার বিশ্বকাপ আশার নিউক্লিয়াস যে লিওনেল মেসি, তা আর নতুন করে বলে দিতে হয় না। আজ যখন দলের ভাগ্যটা ঝুলছে সুতোয়, তখন সেই মেসিই হলেন ত্রাতা। মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনার ফিকে হয়ে যাওয়া আশাটাকে বাঁচিয়ে রাখলেন, এরপর সতীর্থ এনজো ফের্নান্দেজকে দিয়ে করালেন আরও একটি গোল। এই দুই গোলে ভর করেই মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানের মহাগুরুত্বপূর্ণ জয়টা পেয়ে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে দলটির আশাও টিকে রইল সঙ্গে সঙ্গে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার জয়ে পুত্রবধূকে অভিনন্দন জানালেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

তিনি আগেই জানিয়েছিলেন, তার প্রিয় দল ব্রাজিল। একজন বাদে তার পরিবারের অন্য সদস্যরাও একই দলের সমর্থক। আর সেই একজনই হলেন গায়কের পুত্রবধূ ইসমত শেহরীন ঈশিতা। তিনি আর্জেন্টিনার সমর্থক। এজন্যই তাকে অভিনন্দন জানিয়েছেন শ্বশুর আসিফ।

সোশ্যাল মিডিয়ায় পুত্রবধূর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, ‘ঈশিতা বৌমা আমাদের ঘরের প্রথম আর্জেন্টাইন সাপোর্টার। ব্রাজিলের খেলার দিনই বৌমার সঙ্গে অগ্রিম ছবি তুলে রেখেছি, যেন আর্জেন্টিনার প্রথম জয়ে তাকে উইশ করতে পারি।’

তিনি আরও লেখেন, ‘গতকাল আভ্যন্তরীন পারিবারিক যোগাযোগ মাধ্যমে জেনেছি, বৌমাকে হ্যাপি রাখতে তার ব্রাজিলিয়ান সাপোর্টার জামাই আর্জেন্টিনার জার্সি পরে ছবি তুলেছে।’

গায়কের ভাষ্য, ‘জয় হোক ফুটবল স্পিরিটের। সফল হোক কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২। অভিনন্দন বৌমা, অভিনন্দন লিও মেসি, অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন আর্জেন্টাইন ফ্যানস। ভালোবাসা অবিরাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *