পাঁচ বছর আগের ছবি পোস্ট করে বুবলী কী বোঝাতে চাইছে: শাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর জন্মদিন উপলক্ষ্যে ডায়মন্ডের নাকফুল উপহার নিয়ে রীতিমতো একটা সিনেমা তৈরী হয়েছে সামাজিক মাধ্যমে। প্রথমে বুবলী বললেন এটা শাকিব খানের দেওয়া উপহার, আর এরপরই এই বিষয় নিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগযুদ্ধ শুরু হলো। আর এরপর তাতে আরও ঘি পড়ল শাকিব খানের বক্তব্যের পরে।

বুবলীকে উপহার দেওয়া নিয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, সবাইকে আশ্বস্ত করে একটি কথা বলতে চাই— কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগই নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি।

এর আগে গত সোমবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন বুবলী। সেখানে স্বামীর সঙ্গে তাজমহল ঘুরতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন নায়িকা।

বুবলী লিখেছেন, যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোয়ার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য তিনি আমাকে ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন। এটি আমার খুব প্রিয় একটি ছবি।

এদিকে সেই ছবিটি প্রসঙ্গে ভিন্ন কথা জানিয়েছেন শাকিব। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছবিটি বেশ কয়েক বছর আগের। ২০১৮ সালের শুরুর দিকে ‘নাকাব’ সিনেমার শুটিংয়ের সময় কপিরাইট ইস্যু নিয়ে তিন সপ্তাহ শুটিং বন্ধ থাকায় আমি অবসর পাই। সেই সময় ব্যক্তিজীবন নিয়ে বেশ টানাপোড়েনে ছিলাম। তাই আজমির শরিফ ঘুরে আসার পরিকল্পনা করি।

শাকিব বলেন, তখন যেহেতু বুবলীর সঙ্গে যোগাযোগ হতো, একটা সম্পর্কও ছিল, সে আমাকে অনুরোধ করেছিল তাকে নিয়ে যেতে। আজমির শরিফে যাওয়ার পথে আগ্রার তাজমহল, সেই সুযোগে সেখানেও ঘুরে আসা হয়। ছবিটি তখনই তোলা। পাঁচ বছর আগের তোলা ছবিটি পোস্ট করে বুবলী কী বোঝাতে চাইছে, তা সে নিজেই ভালো জানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *