বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সম্প্রতিই বাড়ির গেটে উজ্জ্বল নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলেন তিনি। যা পোস্ট করেন সোশ্যালে। জানান, মান্নাতের জন্য নতুন নেমপ্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ভারতীয় সংবাদামাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০০১ সালের পর থেকে ‘মান্নাত’কে তিলে তিলে সাজিয়েছেন গৌরী-শাহরুখ। মান্নাতের কোণায় কোণায় রয়েছে বলি নায়কের ডিজাইনার স্ত্রীর নিজ শিল্পের ছোঁয়া।
সম্প্রতি এই তারকা দম্পতির বাসভবনে বিশাল পরিবর্তন এসেছে। নতুন করে সাজিয়ে তুলেছেন। যার অংশ হিসেবে নেমপ্লেটেও পরিবর্তন করা হয়েছে। নাম ফলকটি হিরাখচিত। তবে এর আগেও একাধিকবার নেমপ্লেট বদল করা হয়েছে মান্নাতের। কিন্তু নতুন নেমপ্লেট অন্ধকারেও জ্বলজ্বল করছে। বাসভবনের সামনে নতুন গেটও লাগানো হয়েছে।
ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান বাসভবনের উজ্জ্বল নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যালে পোস্ট করেন। গৌরি জানান, বাড়ির সদর দরজা আপনার পরিবার ও বন্ধুদের প্রবেশের জায়গা। নেমপ্লেট ইতিবাচক শক্তিতে আকর্ষণ করে।
গৌরী খান নতুন নেমপ্লেটটি বেছে নেয়ার কারণও জানান। বলেন, ইতিবাচক, উত্থানকারী ও শান্তির প্রতীক হিসেবে গ্লাস ক্রিস্টালের ওপর স্বচ্ছ কাচ দিয়ে তৈরি নেমপ্লেটটি বেছে নিয়েছি।
প্রসঙ্গত, চলতি বছর গত মে মাসেই মান্নাতের নেমপ্লেটটি পরিবর্তন করা হয়েছিল একবার। সেই সময় মেরামতের কাজ চলছিল। এতে কয়েকটি হিরা বসানো ছিল। সেখান থেকে নাকি একটি হিরা খুলে পড়ে গিয়েছে। এ কারণেই কিছুদিন মান্নাতে নেমপ্লেট ছিল না। পরে ২৫ লাখ টাকার সেই নেমপ্লেট আবার লাগানো হয়।
১৯৯৭ সালে ‘ইয়েস বস’ সিনেমার শুটিংকালে সমুদ্র তীরবর্তী এই বাংলোটি শাহরুখের ভীষণ পছন্দ হয়। সেই সময় এই বাংলোর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। এর মালিক ছিলেন গুজরাটের এক ব্যক্তি। যার নাম ছিল নারিমান দুবাস। পরে তার কাছ থেকে এটি কিনে নেন বলিউডের এই সুপারস্টার।
বাংলোটি কেনার পরের চার বছর আইনি জটিলতার কারণে নাম পাল্টাতে পারেননি শাহরুখ। শেষপর্যন্ত ২০০৫ সালে পাকাপাকিভাবে ‘ভিলা ভিয়েনা’র নাম বদলে হয় ‘মান্নাত’। মান্নাতের বর্তমান বাজারমূল্য ২০০ কোটির বেশি বলে জানা গিয়েছে।
