ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা দিয়ে যা বললেন ফারুকী

বিশ্বব্যাপী আর্জেন্টিনা ফুটবল দলের তুমুল জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে ফুটবলের বিস্ময়কর প্রতিভা দিয়াগো ম্যারাডোনার বাঁ পায়ের যাদু। দেশটিকে হাত ধরে বিশ্বের বুকে পরিচয় করিয়েছেন তিনি। তার কারণেই ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়েছে দেশটি।

বর্তমানে ম্যারাডোনার এই কৃতিত্বে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা ফুটবলারের আসনটি ধরে রেখেছেন আর্জেন্টিনা শিবিরের এই খেলোয়াড়। ম্যারাডোনা পরবর্তী প্রজন্ম আর্জেন্টিনার দিকে ঝুঁকেছে মূলত মেসিকে ভালোবেসে।

অনেকেই আজকাল ম্যারাডোনা ও মেসির মধ্যে পার্থক্য খুঁজে বেড়ান। অনেকের মতে মেসি ছাড়িয়ে গেছেন দিয়াগোকে। একটি অংশ আবার এ কথা মানতে নারাজ।

এদিকে আজ মঙ্গলবার আর্জেন্টিনা ০২-০১ গোলে সৌদি আরব ফুটবল দলের কাছে পরাজয় বরণ করতেই বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। এবার ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা দিয়ে নিজের মত প্রকাশ করলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

আর্জেন্টিনা ম্যাচ হারার পরই নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফারুকী। সেখানে ফারুকী লেখেন, ‘এই মূহুর্তে বিশ্ব ফুটবলে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় মেসি। মেসির হাতে একটা বিশ্বকাপ দেখার ইচ্ছা আমারও। কিন্তু পাশাপাশি একটা কথাও বলা দরকার। আমাদের তরুণ বন্ধুরা আজকাল এক ধরনের আতিশয্যের বশে মেসিকে ম্যারাডোনার চেয়েও উপরে তুলে ফেলেন।’

তিনি আরও যোগ করেন, ‘ম্যারাডোনা এবং মেসি দুইজনকেই দূর্বল সতীর্থদের নিয়ে খেলতে হয়েছে। কিন্তু এই দুইজনের মধ্যে পার্থক্য এই যে, ম্যারাডোনা এই পরিস্থিতিতেও একাই ম্যাচ বের করে নিয়ে গেছে বহুবার, কাপ জিতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেসি এই জায়গায় পিছিয়ে।’

উল্লেখ্য, টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপে খেলতে নামে আর্জেন্টিনা। লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *