নিপুণকে অভিনন্দন জানিয়ে যা বললেন ইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত।

এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই’ বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এরপর বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিপুণ। সেখানে উপস্থিত সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন। আরও ছিলেন আরমান, জেসমিন, ডি এ তায়েব, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকেই।

সংবাদ সম্মেলনে নিপুণকে অভিনন্দন জানিয়ে ইমন বলেন, ‘মনে হচ্ছিল এতদিন আমরা এক পায়ে চলেছি। এখন দুই পা সচল আমাদের। সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাই ও সাধারণ সম্পাদক নিপুণের নেতৃত্বে আমরা সমিতিকে একটি আদর্শ স্থানে রেখে যেতে চাই। সদস্যদের মঙ্গলের জন্য কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘নিপুণ একজন সাহসী নেত্রী। এত দীর্ঘদিনের এই লড়াইটা সে করেছে। হতাশ হয়নি। তার প্রশংসা করে শেষ করতে পারব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *