সাধারণ সম্পাদক পদ ফিরে পেয়ে যা বললেন নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের আদেশের পরে নিপুণ বলেছেন, আমার বিশ্বাস ছিল সত্যের জয় হবে এবং সেটা হয়েছে।

সোমবার সর্বোচ্চ আদালতের আদেশের পর বিকেল সাড়ে ৪টার দিকে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নিপুণ।

তিনি বলেন, ‘কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আপিল বোর্ডের সদস্যদের। উনারা ৯ মাস ধরে আমার সঙ্গে একটা যুদ্ধ করে গেছে। যেই রায়টা আসলে আজকে আমি পেয়েছি তার জন্য এই পূর্ণাঙ্গ বেঞ্চ, মহামান্য উচ্চ আদালতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। তারা একটা সঠিক রায় দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আজকে ৯ মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল। কখনও আমি থাকব, কখনও আমার বিপরীতে যিনি আছেন তিনি থাকবেন, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল। আমি এবং কাঞ্চন সাহেব খুব সততা নিয়ে নির্বাচনটা করেছি।

‘আমাদের নির্বাচনে যা নিয়ম নীতি ছিল সেটাই পালন করেছি। নিয়ম নীতির বাইরে একদমই যাইনি। সেই জন্য আমরা খাবার পাইনি, পানি পাইনি, আমরা ওয়াসরুম ব্যবহার করতে পারিনি, সব মেনে নিয়েছি। আমার বিশ্বাস ছিল সত্যের জয়টা হবে এবং আজকে সেটা হয়েছে।’

এসময় নিপুণের সাথে আরও ছিলেন শিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, চিত্রনায়ক ইমন, ডি এ তায়েব, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ অনেকে।

চলতি বছরের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ।

আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে। তার জের ধরে মামলা পালটা মামলায় আজ নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *