জাতিসংঘ ছাড়া জায়েদ খানের আর কোনো জায়গা নেই: ইলিয়াস কাঞ্চন

দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা ছিল। প্রথম দিকে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়। পরে স্থগিত হয় সাধারণ সম্পাদকের পদ।

পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে নির্বাচন নিয়ে উচ্চ আদালতে যেতে হয় সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের। অবশেষে হাইকোর্টের রায় স্থগিত করে সম্পাদক হিসেবে নিপুণ আক্তার দায়িত্ব পালন করবেন বলে নির্দেশ দেন।

এ রায়ের পর আজ (২১ নভেম্বর) বিকেলে এফডিসিতে নিপুণ রায় সংবাদ সম্মেলন করেন। সেখানে উপস্থিত সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন। আরও ছিলেন আরমান, জেসমিন, ডি এ তায়েব, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকেই।

সংবাদ সম্মেলনে জায়েদ খানের আবার পাল্টা রিট বা মামলায় এই পদে ফিরে আসার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছে। এখন জায়েদকে এই পদে আসতে হলে জাতিসংঘে যেতে হবে৷ এছাড়া তার জন্য আর কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ৯ মাস ধরে অনেক কিছু হয়েছে। এসব নিয়ে আর কথা চাই না। আমরা সবাই শিল্পী হয়ে সমিতির জন্য, শিল্পীদের জন্য কাজ করে যেতে চাই। নিপুণ এখন থেকে নিয়মিত এই পদে কাজ করবে। আজ থেকে আমাদের শক্তিটা বেড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *