বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী নিপুণ আক্তার। হাইকোর্টের রায় স্থগিত করে সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিপুণ আক্তার। এর আগে বেশ কয়েকবার মামলার শুনানির তারিখ পরিবর্তন হয়।
এদিকে রায় ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় নিপুণ আক্তারের কাছে। তিনি জানান, ‘আমার বিশ্বাস ছিলো সত্যের জয় হবে, সেটাই আজকে প্রমাণিত হলো। নির্বাচনে না এলে বুঝতেই পারতাম না, এতো মানুষ আমাকে ভালোবাসে। বিগত ছয় মাস যারাই আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমার আইনজীবীদের প্রতি।’
অভিনেত্রী নিপুণ বলেন, অনেকেই বলছেন আমার জায়গায় তারা হলে হাল ছেড়ে দিতেন। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি সংগ্রাম করেছি। সঠিক পন্থায় নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমার প্যানেলের কেউ কোনো নিয়ম ভঙ্গ করেনি। তাই আমার বিশ্বাস ছিলো জয় আমাদের হবেই। নয় মাস পর হলেও সেটা সবাই জানতে পারলেন।
চলতি বছরের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু পরে আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল করলে, জায়েদ খান নির্বাচনী বিধিমালায় দেখান মেয়াদোত্তীর্ণ আপিল বোর্ড জায়েদ খানকে অবৈধ ঘোষণা করেন।
