আমাকে পুরস্কার দিতে পারতো, কিন্তু দেয়া হয়নি: রিনা খান

খল অভিনেত্রী হিসেবে ঢাকাই চলচ্চিত্রে যে কজন পরিচিতি পেয়েছেন তা আঙুল গুণে একনিমিষেই বলে দেয়া যায়। তবে তাদের মধ্যে জনপ্রিয়তা আর খ্যাতির দিক থেকে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন রিনা খান। চার দশকের ক্যারিয়ারে এই অভিনেত্রীকে পাওয়া গেছে নানামাত্রিক কূট চরিত্রে।

অভিষেকের পর এ পর্যন্ত সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। তবে দীর্ঘ অভিনয় জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি এই রিনা খান।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি আমি। বোধহয় আমাকে দেখতে পায়নি জুরি বোর্ড। অনেক সিনেমায় অভিনয় করেছি। নাম ভূমিকায়ও কাজ করেছি। ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘দজ্জাল শাশুড়ি’, ‘বাংলার বউ’সহ অনেক সিনেমাতেই নাম ভূমিকায় ছিলাম। সেসব সিনেমায় নেতিবাচক চরিত্র ছিল। খলনায়িকা হিসেবে আমাকে পুরস্কার দিতে পারতো। কিন্তু দেয়া হয়নি।

পুরস্কার না পাওয়ার কারণে কখনো মন খারাপ হয়? জানতে চাইলে তিনি বলেন, প্রথম প্রথম আমাদের দেশে খলনায়িকার পুরস্কার ছিল না। তখন নায়ক-নায়িকা ও খলনায়কের পুরস্কার ছিল। একজন নারী যে খলচরিত্রে অভিনয় করে, সেই পুরস্কার ছিল না। এ কারণে হয়তো আমাকে জাতীয় পুরস্কার দেয়া হয়নি। আমি একবার কথাও বলেছিলাম এই প্রসঙ্গে। তবে এ নিয়ে কখনো যে মন খারাপ হবে, তা নয়! কোনো আক্ষেপ নেই। আমি বাচসাস-সহ অনেক অনেক পুরস্কার পেয়েছি। আমার পুরস্কার তো দর্শক। তাদের ভালোবাসার থেকে বড় পুরস্কার আর কী হতে পারে?

অপূর্ণতার ব্যাপার তো রয়ে যায়… রিনা খান বলেন, এটা তো থাকেই। এতগুলো সিনেমায় কাজ করলাম। সামাজিক গল্পের সিনেমা, তাতে ম্যাসেজ, শিক্ষা তো ছিল। অথচ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি। এই পূর্ণতা তো থেকেই যায়। এখন তো আর বলে কিছু হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *