Home প্রধান খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

0
397

মাত্র কয়েক ঘণ্টা পরেই কাতারে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবল। রোববার (২০ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার ও ইকুয়েডর মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

এই বিশ্বকাপকে স্বাগতম জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা।

রোববার (২০ নভেম্বর) জিয়াউর রহমান হল থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এ সময় জিয়াউর রহমান হলের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। মিছিলে নেতৃত্ব দেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত। সমর্থকরা মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত করে তুলে ঢাবি ক্যাম্পাস।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে হলগুলোতেও বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন হল সেজেছে প্রিয় দলের পতাকায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শোভা পাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা।

এর বাইরে জার্মানি ও পর্তুগালের পতাকাও চোখে পড়ে। দলবেঁধে নিজ নিজ দলের জার্সি পরে অনুরাগীদের ফটোসেশন আর আড্ডা তো চলছেই। হলগুলোতে ও টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

আর্জেন্টিনা সমর্থকদের মিছিলে নেতৃত্ব দেওয়া হাসিবুল হাসান শান্ত বলেন, আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে তাই বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আমরা আর্জেন্টিনা সমর্থকরা মিছিল বের করেছি। এর আগে থেকেই আমাদের হল সেজেছে বিশ্বকাপের আমেজে। আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে খুব করে চাই এবার মেসির হাতেই উঠুক বিশ্বকাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here