Home আলোচিত নিজের ভ্যান আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন রবিউল

নিজের ভ্যান আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন রবিউল

0
306

শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। কাতারে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই সারাবিশ্বে ফুটবল প্রেমীদের মধ্যে ঢেউ লেগেছে।

পছন্দের দেশ ও খেলোয়াড় নিয়ে চলছে নানা আয়োজন। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সেই তালিকায় নাম লেখালেন পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা দরিদ্র ভানচালক রবিউল ইসলাম।

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় অংশ নিয়ে রবিউল ইসলাম নিজের নিজের ভ্যান গাড়িতে পছন্দের ফুটবল দল আর্জেন্টিনার পতাকা এঁকে আলোড়ন সৃষ্টি করেছেন।

আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক রবিউল পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামের মৃত মোসলেম খাঁনের ছেলে। তবে নিজের একমাত্র সন্তান রনি হোসেন ব্রাজিলের ভক্ত হওয়ায় প্রায়শই বাবা-ছেলের মিষ্টি বাকযুদ্ধ চলছে সমানতালে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নিজের ভ্যানে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা নিজে হাতে আঁকেন রবিউল। এজন্য দুইদিনের উপার্জনের ৮০০ টাকা ব্যয় করেন তিনি। এছাড়া রঙ শুকানোর জন্য পাঁচদিন বাড়িতেই বসে থাকেন। অভাবের সংসার হলেও বিন্দুমাত্র চিন্তা নেই এই ফুটবল পাগল মানুষের। তবে বিপত্তি বেঁধেছে বাড়ির বাইরে বের হলেই কেউ সেলফি তুলছেন, আবার কেউ বা ভিডিও করছেন। নানাভাবে হয়রানি হতে হচ্ছে তাকে। তবুও হাসি মুখে মেনে নিচ্ছেন সব হয়রানি।

অন্যদিকে স্ত্রী ও অন্য সন্তানরা আর্জেন্টিনা সমর্থক হলেও একমাত্র ছেলে রনি হোসেন ব্রাজিল দলের অন্ধ ভক্ত। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হতে বাকি আর কয়েকঘণ্টা। এরমধ্যেই বাবা-ছেলের বাকযুদ্ধ শুরু হয়েছে চরমে। এমনকি কয়েকদিন ধরে কথাও বন্ধ রয়েছে তাদের মধ্যে। তবে শেষ পর্যন্ত বাবার পছন্দের দল আর্জেন্টিনা জয়লাভ করুক এমনটাই চান এবার এসএসসি পরীক্ষা দেয়া রনি। তবে ছাড় দিতে নারাজ রবিউল ইসলাম।

রবিউল ইসলাম বলেন, এবারের আর্জেন্টিনা দলে অনেক ভালো খেলোয়াড় আছে। খুব ভালো খেলছে তারা। কোপা আমেরিকা কাপ জিতেছে আর্জেন্টিনা। বেশ কিছুদিন ধরে ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে তার প্রিয় দল। আর সবচেয়ে বড় কথা, যে দলে মেসির মতো খেলোয়াড় আছে সেখানে বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মনে করেন তিনি।

বড় গুয়াখড়া গ্রামের বাসিন্দা শিক্ষক কামরুল হাসান জানান, অসম্ভব ভালো মনের মানুষ রবিউল ভাই। তার বড় পরিচয়, তিনি একজন ‘ফুটবল পাগল’ মানুষ। সংসারে নানা অভাবের মধ্যেও নিজের দুই দিনের উপার্জনের টাকা ব্যয় করে ভ্যানে পতাকা আঁকিয়েছেন। দলের জন্য কতোটা ভালোবাসা থাকলে এমন করতে পারেন তার জ্বলন্ত উদাহরণ রবিউল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here