মাশরাফি-সাকিব আর্জেন্টিনার সমর্থক, তামিম ব্রাজিল

বিশ্বকাপ ফুটবল পর্দা উঠতে আর মাত্র একদিন বাকি। নিজ নিজ পছন্দের দেশকে সমর্থন করতে জার্সি, পতাকা ও ফুটবল নিয়ে প্রস্তুত দেশের ফুটবল প্রেমীরা। দেশের তারকারাও পছন্দের দলের জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিচ্ছেন উন্মাদনার কথা।

এমনকি ক্রিকেটাররাও শামিল এমন উৎসবে। পছন্দের দলকে সমর্থন জোগাতে বাংলাদেশ থেকে কাতারের দোহায় যাচ্ছেন বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও।

বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা, দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান বিশ্বকাপে সমর্থন করছেন আর্জেন্টিনাকে। এর বড় একটি কারণ তিনি সুপারস্টার লিওনেল মেসির বড় ভক্ত। একবার তো একটি টিভি প্রোগ্রামে জানিয়েই দিয়েছিলেন, ‘যদি কখনও সুযোগ হয় তিনি মেসির সাথে চাঁদে যাবেন।’

এ ছাড়া নানা সময়ে সাকিব বলেছেন, মেসির প্রতি তার আকর্ষণ কিংবা ভালোবাসার কথা। সে কারণেই ২৬ নভেম্বর আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ মাঠে বসে দেখবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের চোখের সামনেই হাত তালি দিয়ে মেসিকে জানাবেন সমর্থন।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য ব্রাজিলের ভক্ত। এর আগেও তাকে দেখা গেছে ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে মাঠে বসে খেলা দেখতে ইউরোপ যেতে। এবারও ব্যতিক্রম নয়, তামিম মাঠে বসে নেইমারদের সমর্থন দিতে ছুটছেন কাতারে। ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে ব্রাজিল ও সার্বিয়ার খেলা দেখবেন টাইগারদের এই ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অবশ্য আর্জেন্টিনার ভক্ত। এপারে বাংলাদেশে লিওনেল মেসির আরেক বড় ভক্ত তিনি। নানা সময়ে বিভিন্ন ইন্টারভিউয়ে মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটেই বলেছেন তিনি। তবে বিশ্বকাপে মাশরাফি মাঠে বসে খেলা দেখবেন কি না সেটি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মি. ডিফেন্ডডেবল-খ্যাত মুশফিকুর সমর্থন করছেন আর্জেন্টিনাকে। এ ছাড়া সৌম্য সরকার করছেন ব্রাজিলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *