ঢাকা ছাড়লেন নোরা ফাতেহি

বলিউডের হার্টথ্রব নায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ সফরে আসেন তিনি। অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

অনুষ্ঠান শেষে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোর ৪টায় বাংলাদেশ ত্যাগ করেন জনপ্রিয় এ বলিউড স্টার।

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় পৌঁছে ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে বিশ্রাম নেন নোরা। সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নেয়ার কথা থাকলেও তিনি মঞ্চ আলোকিত করেন রাত সাড়ে ৯টায়।

‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন। সেই আয়োজনে তাঁর নাচ পরিবেশনের কথা থাকলেও অনুমতি না থাকায় তা সম্ভব হয়নি বলে জানান আয়োজকেরা।

সেই আয়োজনে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে নোরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম। ঢাকায় আসাটা সব সময়ের জন্যই আনন্দের। আবারও ঢাকায় আসব।’

হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস-৯ ’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *