মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

অভিনেত্রী প্রসূন আজাদ। মিডিয়া থেকে নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছেন তিনি। বিয়ে করে হয়েছেন পুরোদস্তুর সংসারী একজন নারী। এবার তিনি পেলেন মাতৃত্বের স্বাদ। পুত্রসন্তান জন্ম দিয়েছেন প্রসূন।

মা হওয়ার বিষয়টি প্রসূন নিজেই জানালেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের একটি ছবি দিয়ে চার লাইনের একটি কবিতা জুড়ে দেন। এরপর ক্যাপশনে ছেলের জন্মের তারিখ উল্লেখ করেন তিনি। সেখানে দেখা যায় তিনি মা হয়েছেন ১৮ নভেম্বর শুক্রবার। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হয় নবজাতক ও তার মা।

ছবিতে প্রসূনের ক্যাপশন সবার মন কেড়েছে। যেখানে তিনি লেখেন, ‘জীবনের পথে পথে চলিতে, যত আশা গিয়েছিলো ফুরায়ে, গজমতি হার যেন ধূলিতে, ভিখারীনি পেলো আজ কুড়ায়ে।’

জানা যায়, শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রসূনের প্রথম সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে শিগগির তারা বাসায় ফিরবেন।

গেল বছরের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন প্রসূন। প্রসূন আজাদের বর ফারহান গাফফার পেশায় একজন ব্যবসায়ী এবং ফার্ম হাউসের মালিক। গেল বছরের জুনে আংটি বদল হয় তাঁদের।

এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন প্রসূন আজাদ। তবে দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে দীর্ঘদিন শোবিজে অনিয়মিত তিনি। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *