ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশকে সবশেষ রাজধানীর যাত্রাবাড়ী থেকে তারাবোর দিকে যেতে দেখা গেছে। সাদা গেঞ্জি পরা ৩-৪ জন ফারদিনকে লেগুনায় উঠিয়ে নিয়ে তারাবোর দিকে যায়। এ ঘটনায় লেগুনার চালক ও তার সহকারীকে খোঁজা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ফারদিন নূর পরশকে চনপাড়া নয়, অন্য কোথাও হত্যা করা হয়েছে। তাকে চনপাড়া খুন করা হয়েছে এমন কোন তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি।
হারুন অর রশীদ বলেন, ঘটনার দিন রাত ২ টার দিকে কয়েকজন যুবক ফারদিনকে যাত্রাবাড়ী থেকে লেগুনায় তারাবোর দিকে নিয়ে যায়। সুলতানা কামাল সেতু হয়ে বিশ্ব রোডের দিকে নিয়ে যাওয়া হয় তাকে। পরশকে সাদা গেঞ্জি পরা এক লোক লেগুনায় তোলে।
তিনি আরও বলেন, এখনও বলার মতো কোনো অবস্থানে আমরা নেই। পরশের বেড়ে ওঠা চনপাড়া থেকে বেশি দূরে নয়। এটা পর্যালোচনা করা হচ্ছে। হত্যাকাণ্ড চনপড়াতেই যে হয়েছে এটা নিশ্চিত নয়। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যাদের জড়িত থাকার নাম আসছে তাদের আমরা নজরদারিতে রেখেছি। সেক্ষেত্রে অবশ্যই ঘটনার সঙ্গে জড়িত যারা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। গোয়েন্দা পুলিশ সেভাবে কাজ করছে।
এর আগে র্যাব জানায়, ফারদিনকে জিম্মি করে অথবা অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে জোর করে নিয়ে যাওয়া হয়। শীর্ষ মাদক কারবারি রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে।
সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ফারদিন হত্যা নিয়ে এসব কথা জানায় র্যাব।
