কদিন পরই গ্রহের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। মাঠে নামবেন দুনিয়া মাতানো সব তারকা ফুটবলার। প্রতিবারের মতো দূর দেশে বসেও প্রিয় দল ও তারকাকে সমর্থন দেবে এদেশের ফুটবলপ্রেমীরা।
শোবিজের তারকারাও এর বাইরে নন। যেমন অভিনেতা শরিফুল রাজ। তার প্রিয় দল ব্রাজিল। এই দলের খেলা দেখে ফুটবল খেলার তৃপ্তি পান তিনি।
শরিফুল রাজ বলেন, ‘আমি সবসময়ই ব্রাজিলের সাপোর্টার। তাদের খেলার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। খেলা বোঝার পর থেকে এই দলের খেলা পছন্দ করি। রোনালদিনহো আমার প্রিয় ফুটবলার।’
সম্প্রতি শরিফুল রাজ ‘পরান’ ও ‘হাওয়া সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন। এছাড়া ‘দামাল’ সিনেমায় ফুটবল দলের অধিনায়ক মুন্না চরিত্রে দেখা গেছে তাকে।
রাজ বলেন, ‘দামাল সিনেমার জন্য ফুটবল খেলা প্র্যাকটিস করেছি। চেয়েছি দর্শকরা আমাকে অভিনেতা নয়, ফুটবল খেলোয়াড় হিসেবেই দেখুক। সিনেমার চরিত্রের জন্য বাইসাইকেল কিক চর্চা করতে গিয়ে হাতে ফ্র্যাকচার হয়ে প্রায় ২ মাস বাসায় থাকতে হয়েছিল। অনেক পরিশ্রম করেছি’।
