আমি সৎ, সংসার ভাঙার মতো কিছু করিনি: শরিফুল রাজ

তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। প্রেম থেকে তাদের প্রণয়। এরপর তাদের ঘর আলো করে আসে সন্তান রাজ্য। বেশ ভালোই কাটছিল এই দম্পতির সুখের সংসার। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি বা পোস্ট দেখে খুব সহজেই অনুমান করা যায় দুজন সুখী জীবনযাপন করেন। সর্বশেষ পরীমনির জন্মদিনেও দুজনের ভালোবাসার উচ্ছ্বাস দেখা গেছে। কিন্তু হঠাৎ কি এমন হলো রাজ-পরীর সুখের সংসারে?

পরীমনি বুধবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে রাজ-মিমের সর্ম্পকের ঈঙ্গিত দেন তিনি। অন্যদিকে নির্মাতা রায়হান রাফিকেও দুষলেন এই গ্লামার-কন্যা। মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়। মনোযোগ আকর্ষণ করে গণমাধ্যমের। এবং এই স্ট্যাটাসের পরেই স্পষ্ট হয় রাজ-পরীর সংসারে অশান্তির আগুন জ্বলছে!

পরে বিষয়টি নিয়ে বিদ্যা সিনহা মিমও একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন তার কাজে ঈর্ষাণ্বিত হয়ে একটা পক্ষ তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটাচ্ছে।

তবে কি এমন ঘটেছে পরীমনির জীবনে যে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন? এমন প্রশ্ন অনেকের। পরীর স্ট্যাটাসের কমেন্ট বক্সেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি জানতে চেয়েছেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ। একটি জাতীয় দৈনিকের কাছে দাবি করেছেন, তিনি সৎ, সংসার ভাঙার মতো কিছু করেননি।

পরীর অভিযোগ নিয়ে রাজ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি আগেই বলেছি আমি আমার যে কোনো কাজের প্রতি সব সময়ই সিনসিয়ার থাকি। সংসার এবং স্ত্রী-সন্তানের প্রতিও তাই। এরপরও কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনল জানি না। এতে আমি রীতিমতো শকড। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগই মিথ্যা। আমি সব সময়ই সবক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি। তাই সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।

পরীমণির সঙ্গে সংসার ভাঙার গুঞ্জন নিয়ে এই অভিনেতা বলেন, আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবুও বলব আমার পক্ষ থেকে এমন কোনো ঘটনা ঘটেনি যে, হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে তবে সে তার সুচিন্তা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে ও সামলে নেবে। আমার আর বলার কিছু নেই।

আরও পড়ুন

ছেলের তৃতীয় জন্ম মাস উদযাপন করলেন রাজ-পরীমণি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *