Home জাতীয় যেভাবে চেয়েছি সেভাবেই ৪৫০ কোটি ডলার ঋণ পাচ্ছি: অর্থমন্ত্রী

যেভাবে চেয়েছি সেভাবেই ৪৫০ কোটি ডলার ঋণ পাচ্ছি: অর্থমন্ত্রী

0
9963

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার (সাড়ে চারশ কোটি) ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আগামী ফেব্রযারিতেই এ ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

তিনি বলেন, “যেভাবে চেয়েছিলাম, সেভাবে আইএমএফের ঋণ পেতে যাচ্ছি। প্রয়োজনীয় শর্ত তারা দিয়েছে, সেগুলো আমরা নিজেরাই শুরু করছিলাম।”

মন্ত্রী বলেন, সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফ মিশন জানিয়েছে তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ঋণপ্রস্তাবের সব আনুষ্ঠানিকতা ও চূড়ান্ত বোর্ড অনুমোদন শেষ হবে। ঋণটি ২০২৬ সাল পর্যন্ত চার বছর মেয়াদি। সুদের হার হবে ২.২ শতাংশ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, এই মুহূর্তে রিজার্ভ গ্রস ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ। অপর এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, আইএমএফ বাংলাদেশের রিজার্ভের পরিমাণ গ্রসে নয়, নেটে দেখাতে বলেছে। এতে আমাদের কোনও আপত্তি নাই।

সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here