Home আলোচিত ভক্তদের জোড়া সুখবর দিলেন মৌসুমী

ভক্তদের জোড়া সুখবর দিলেন মৌসুমী

0
247

আজ (০৩ নভেম্বর) ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন। আর জন্মদিনেই ভক্তদের সুখবর দিলেন এই অভিনেত্রী। খুব শিগগিরই একই দিনে দুই সিনেমা নিয়ে আসছেন তিনি।

শুক্রবার (১১ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী অভিনীত দুই সিনেমা ‘ভাঙন’ এবং ‘দেশান্তর’। রেলস্টেশনের ছিন্নমূল মানুষদেরকে নিয়ে নির্মাণ করা হয়েছে ‘ভাঙন’। অপরদিকে দেশ ভাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দেশান্তর’।

মির্জা সাখাওয়াত হোসেন নির্মাণ করেন ‘ভাঙন’। সিনেমাটির নাম-ভূমিকায় অভিনয় করেন মৌসুমী। রেলস্টেশনের ছিন্নমূল মানুষের জীবনযাত্রা, বেঁচে থাকার তাগিদ, ত্যাগ, আশা-প্রত্যাশার গল্প নিয়েই তৈরি হয়েছে ‘ভাঙন’। এতে আরও অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ। সিনেমাটি দেশের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অপরদিকে, একই দিনে মুক্তি পাবে মৌসুমী অভিনীত আরেক ছবি ‘দেশান্তর’। ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। কবি নির্মলেন্দু গুণের দেশভাগের ওপরে লেখা ‘দেশান্তর’ উপন্যাসের মূল চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান ও টাপুর। মৌসুমীর জন্মদিনের উপহার হিসেবে ‘দেশান্তর’ ছবিটির একটি গান প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক।

দুই সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বসিত এ নায়িকা বললেন, “অনেক দিন পর প্রেক্ষাগৃহে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। তা-ও একই দিনে দুই সিনেমা। এটা আমার জন্য আনন্দের। দুটো ছবিই সরকারি অনুদানে নির্মিত এবং গল্প দুটো আমার কাছে অসাধারণ মনে হয়েছে। দর্শক সিনেমা দুটি ভীষণ উপভোগ করবেন।”

দীর্ঘ অভিনয় জীবনে মৌসুমী অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়াও তার অভিনীত ‘খাইরুন সুন্দরী’ও রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে।

প্রথম সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করে অনন্য উদাহরণ সৃষ্টি করেন জুটি হিসেবে। এরপর তারা জুটি হয়ে অভিনয় করেন ‘দেনমোহর’ ও ‘অন্তরে অন্তরে’ সিনেমায়।

সালমান শাহ ছাড়াও বেশ কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন ১৯৯০ এর দশকের সাড়া জাগানো এই নায়িকা। জীবনসঙ্গী ওমর সানীর সঙ্গে জুটি বেঁধে ‘প্রথম প্রেম’ ও ‘লজ্জা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তাদের সর্বশেষ সিনেমা ‘সোনার চর’ মুক্তির অপেক্ষায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here