ম্যাচ শেষে লিটনের চাওয়া পূরণ করলেন বিরাট কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। এই ম্যাচে ভারতের ইনিংসে যেমন বিরাট কোহলি ছিলেন কাণ্ডারী, তেমনি বাংলাদেশের লড়াই করার পথে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। দারুণ ব্যাটিংয়ের জন্য ম্যাচ শেষে কোহলির থেকে বাহবা পান লিটন, পেয়েছেন ব্যাটও।

কোহলির কাছ থেকে লিটনের ব্যাট পাওয়ার বিষয়টি অস্ট্রেলিয়ায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, ম্যাচের পর বাংলাদেশ দল যখন ডাইনিংয়ে রাতের খাবার খাচ্ছিল; তখন নিজে থেকে এসে লিটনকে একটি ব্যাট দিয়ে যান কোহলি।

লিটনকে যে কোহলি ব্যাট দিয়েছেন, সেটাকে বলা হচ্ছে উপহার। যদিও দলীয় সূত্রে জানা গেছে ভিন্ন কথা। বাংলাদেশকে দুর্বার শুরু এনে দেওয়া লিটনের ব্যাটিং মন্ত্রমুগ্ধ হয়েছে দেখেছেন অ্যাডিলেড ওভালের গ্যালারিতে হাজির হওয়া দর্শকরা। মাঠে ফিল্ডিং করার সময় স্বাভাবিকভাবে বাংলাদেশ ওপেনারের ব্যাটিং দেখেন কোহলি।

নিজে বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে মহাতারকা হলেও লিটনের ব্যাটিং যে কোহলির মনে ধরেছে, তা বোঝা গেছে ম্যাচের পর। ম্যাচ শেষ দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলান, তখন লিটনের সঙ্গে আলাদাভাবে কথপকথন হয় কোহলির। দারুণ ব্যাটিং করায় লিটনের পিঠ চাপড়ে দেন ভারতের সাবেক এই অধিনায়ক। এ সময় কোহলির কাছে একটি ব্যাট চান লিটন। পরে কোহলি নিজে থেকে এসেই লিটনকে ব্যাট দিয়ে যান।

আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটারদের একজনের আরেকজনকে ব্যাট দেওয়াটা অবশ্য নতুন কিছু নয়। বাংলাদেশের ক্রিকেটাররা যেমন আগেও এই উপহার পেয়েছেন, তেমনি বাংলাদেশের ক্রিকেটাররা এমন উপহার দিয়েছেন অন্য দলের ক্রিকেটারদেরও।

লিটনকে ব্যাট দেওয়ার আগেই অবশ্য অ্যাডিলেড ওভালের ম্যাচ নিয়ে অন্য কারণে আলোচনায় আছেন কোহলি। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল যে ‘ফেক ফিল্ডিংয়’–এর অভিযোগ এনেছে, সেটা কিন্তু কোহলিরই কাণ্ড। হাতে বল না থাকা সত্ত্বেও থ্রোয়ের ভঙ্গি করেছিলেন তিনি, আইসিসির নিয়ম অনুযায়ী এর জন্য বাংলাদেশকে ৫ রান দিতে পারতেন আম্পায়াররা। কিন্তু সেটি তাঁরা দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *